
মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
জাতীয় পর্যায়ের গবেষণা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হাক তালুকদারের কন্যা স্বোপার্জিতা হক তালুকদার অধরা। ১১তম ‘চিন্তার চাষ’ ন্যাশনাল কনফারেন্সে নিজ সেক্টরে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সে। গ্রামীণ বাংলাদেশের আত্মহত্যার প্রবণতা, আত্মহত্যার প্রকৃত কারণ, ঝুঁকিপূর্ণ উপাদান ও প্রাথমিক সতর্কসংকেত বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান মডেল তৈরির জন্য এ স্বীকৃতি পেয়েছে অধরা।
শনিবার (৪ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সম্মেলনে অধরার উপস্থাপিত গবেষণার বিষয় ছিল, ‘NLP-Based Suicide Risk Prediction: A Framework Grounded in Reported vs. Explored Causes, Risk Factors, and Early Signs in Rural Bangladesh.’
গবেষণাটিতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আত্মহত্যার প্রবণতা নিয়ে কাজ করা হয়েছে। এতে সংবাদমাধ্যম ও পুলিশের নথিতে আত্মহত্যার যেসব কারণ ও তথ্য উঠে আসে, সেগুলোর সঙ্গে অনুসন্ধানের মাধ্যমে পাওয়া বাস্তব কারণের পার্থক্য বিশ্লেষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আত্মহত্যার ঝুঁকিপূর্ণ উপাদান ও প্রাথমিক লক্ষণ (Early Signs) শনাক্ত করার বিষয়টিও গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) প্রযুক্তি ব্যবহার করে আত্মহত্যার ঝুঁকি পূর্বানুমান এবং সম্ভাব্য ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আগাম শনাক্তকরণের একটি কাঠামো তৈরি করা। এর মাধ্যমে গ্রামীণ জনপদে আত্মহত্যা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগের সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
অধরার এ সাফল্যে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া, ভালোবাসা ও শুভকামনা চাওয়া হয়েছে।
এ গবেষণার ক্ষেত্রে মূল্যবান মতামত ও ফিডব্যাক দিয়ে সহযোগিতা করায় বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এইচ এম সাইদুর রহমানের (H M Saidur Rahaman) প্রতি।
কেন্দুয়ার স্থানীয় বাস্তবতাকে গবেষণার বিষয়বস্তু করে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জনের এ ঘটনা তরুণ প্রজন্মের গবেষণামুখী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
আপনার মতামত লিখুন :