মদনে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু


hasan প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ১২:২১ অপরাহ্ন / ০
মদনে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোনার মদনে সুপারি গাছ থেকে পড়ে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মদন পৌর শহরের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান মদন পৌর শহরের আদর্শ কারিগরি বাণিজ্য কলেজ এলাকার রোকন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হন মিজানুর রহমান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতে তিনি নেশাগ্রস্ত অবস্থায় মদন পৌর শহরের বিকাশ বৈশ্যের বাড়ির পুকুরপাড়ের একটি সুপারি গাছে ওঠেন। একপর্যায়ে সুপারি গাছটি ভেঙে তিনি পুকুরপাড়ের গার্ডওয়ালের ওপর পড়ে যান। সেখানেই তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, সুপারি গাছের গোড়ায় তার জুতা ও নেশা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার দুপুরে পুকুর থেকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা রোকন মিয়া বলেন, “গতকাল রাত ১০টার দিকে ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর ফিরে আসেনি। এখন তো মৃতই। এ ঘটনায় কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় মিজানুর রহমান সুপারি গাছে উঠেছিলেন। গাছটি ভেঙে নিচে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় নিহতের বাবা ও স্বজনদের কোনো অভিযোগ নেই।

 

(নূর মোহাম্মদ জরিপ)