
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের সাদ্দাম আলম ভূইয়া তন্ময়কে হত্যাচেষ্টার ঘটনায় অজ্ঞাত নামা আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কেন্দুয়া উপজেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলম ভূইয়া স্বপন বাদী হয়ে সোমবার বিকালে এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসন অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন।
উল্লেখ্য কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল আলম ভূইয়া স্বপনের একমাত্র ছেলে সাদ্দাম আলম ভূইয়া তন্ময়কে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা হামলা করেছিল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র পেয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন । তাঁর জ্ঞান এখন আগের চেয়ে অনেকটা উন্নতির দিকে আছে বলে স্বজনরা জানিয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে কেন্দুয়া থেকে পিজাহাতি গ্রামের রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি পেছন থেকে তন্ময়কে ঝাপটে ধরে। একপর্যায়ে তাঁকে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে পলিথিন দিয়ে মাথা ঢেকে নাক-মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় ।
ধস্তাধস্তির একপর্যায়ে পলিথিন ছিঁড়ে গেলে তন্ময় ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করতে থাকেন। এ সময় একই গ্রামের চন্দন বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে শিমুলতলার দিকে যাওয়ার সময় তাঁর হাতে থাকা টর্চের আলো দেখতে পেয়ে হামলাকারীরা পালিয়ে যায় এবং তন্ময়ের হাতে থাকা মোবাইলটিও নিয়ে যায় বলে জানা গেছে।
পরে তন্ময়কে অচেতন অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
সাদ্দাম আলম ভূইয়া তন্ময় মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল আলম ভূইয়া স্বপনের একমাত্র ছেলে। তিনি কেন্দুয়া উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ করার পর তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।
(মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোনা)
আপনার মতামত লিখুন :