
বিশেষ প্রতিনিধি:
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সরকার কর্তৃক বিশিষ্ট উদ্যোক্তা ও শিল্প-বাণিজ্য ক্যাটাগরিতে আগামী দুই বছরের জন্য সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নেত্রকোনার কৃতি সন্তান প্রকৌশলী মোঃ মেহেদী হাসান সোহেল। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ মনোনয়ন প্রদান করা হয়।
মনোনীত প্রকৌশলী মোঃ মেহেদী হাসান সোহেল পেশাগত জীবনে ‘ইনসাইট এন্ড এক্সটেরিয়র’, ‘ইনসাইট স্কেচ লিমিটেড’ এবং ‘নেক্সাস সিস্টেমস লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষাজীবন থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাঁর রয়েছে সক্রিয় অংশগ্রহণ। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও কো-অর্ডিনেটর হিসেবে নিয়োজিত আছেন।
এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর নীতি-নির্ধারণী পর্যদে (সিন্ডিকেট) বিশিষ্ট এ উদ্যোক্তার অন্তর্ভুক্তিতে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও মেধা নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :