স্বপ্নের ওমরাহ এবার বাস্তবে, ৪৭ নেতাকর্মীকে সৌদি পাঠাচ্ছেন লুৎফুজ্জামান বাবর


hasan প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ন / ০
স্বপ্নের ওমরাহ এবার বাস্তবে, ৪৭ নেতাকর্মীকে সৌদি পাঠাচ্ছেন লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের ৪৭ জন নেতাকর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। বিএনপি নেতা ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে তারা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে ৪৭ সদস্যের কাফেলাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী বলেন, এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনের মদন উপজেলার ১৫ জন, মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং তাঁকে নিয়ে মোট ৪৭ জনকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে। তবে এমপি মহোদয় এই কাফেলার সঙ্গে ওমরাহ পালনে যাচ্ছেন না। তিনি চান, এই আসনের নেতৃবৃন্দ ধর্মীয় অনুশাসনে চলুন। সে লক্ষ্যেই এই আয়োজন।

মদন উপজেলা থেকে ১৫ জনের মধ্যে রয়েছেন—উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, উপজেলা বিএনপির সহসভাপতি আবু তাহের আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টুটন, বিএনপির উপদেষ্টা রমজান মাস্টার, সহসভাপতি সাইদুর রহমান সম্রাট, সাবেক উপজেলা বিএনপির সদস্যসচিব, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল আল আমিন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এসএইচ পিপুল, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান ও সাবেক উলামা দলের সভাপতি মুফতি আব্দুর রব।

এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এই কাফেলায় রয়েছেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, “একজন উপজেলা সভাপতি হিসেবে রাজনৈতিক ও সাংগঠনিক ব্যস্ততার মাঝে ওমরাহ পালনের এই সুযোগ পাওয়া আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। মাননীয় এমপি মহোদয় কেবল আমাদের রাজনৈতিক নেতা নন, তিনি আমাদের একজন প্রকৃত অভিভাবক। ধর্মীয় মূল্যবোধের প্রতি তাঁর আন্তরিকতা ও এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল বলেন, “পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়। এমপি লুৎফুজ্জামান বাবর সাহেবের নিজস্ব অর্থায়নে আমাদের মতো নেতাকর্মীদের এই সুযোগ করে দেওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। তাঁর এই উদ্যোগ আমাদের ধর্মীয় অনুভূতিকে সম্মানিত করেছে। আমরা পবিত্র ওমরাহ পালন করে দেশ, জাতি, নেতাকর্মী ও এলাকার মানুষের কল্যাণের জন্য দোয়া করব।”

 

(নূর মোহাম্মদ জরিপ)