
নেত্রকোনার মদনে ৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদসহ আল আমীন পাশা (২৭) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আল আমীন পাশা মদন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এমদাদপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পৌর যুবলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আল আমীন পাশার নিজ বাড়ির টিনশেড বসতঘরে অভিযান চালায় মদন থানা পুলিশ। এ সময় ঘরের খাটের নিচে সাদা প্লাস্টিকের পাঁচটি বোতলে রাখা মোট ২ দশমিক ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আল আমীন পাশাকে ৫ বোতল দেশীয় মদসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
(নূর মোহাম্মদ জরিপ)
আপনার মতামত লিখুন :