মদনে দুই হ্যান্ডট্রলি ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ, দুই চালক আটক


hasan প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন /
মদনে দুই হ্যান্ডট্রলি ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ, দুই চালক আটক

নেত্রকোনার মদনে কালোবাজারে পাচারের সময় দুইটি হ্যান্ডট্রলি ভর্তি প্রায় ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় হ্যান্ডট্রলির দুই চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ ও দুই চালককে আটক করা হয়।

আটকরা হলেন—মদন উপজেলার দেওসহিলা গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকারউল্লাহ (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে দরিদ্র মানুষের জন্য সরকারি বরাদ্দের ওএমএসের চাল বিতরণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কিছু সুবিধাভোগী এসব চাল বাড়িতে না নিয়ে স্বল্পমূল্যে বিক্রি করে দেন। পরে একটি পক্ষ ওই চাল সংগ্রহ করে দুইটি হ্যান্ডট্রলিতে করে নেত্রকোনা সদর এলাকার দিকে নিয়ে যাচ্ছিল।

শুক্রবার সকালে সরকারি চাল পাচারের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী হ্যান্ডট্রলি দুটি আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডট্রলি দুটি জব্দ করে তল্লাশি চালায়। এ সময় এতে প্রায় ১০০ বস্তা সরকারি চাল পাওয়া যায়। পরে চাল, হ্যান্ডট্রলি ও দুই চালককে মদন থানায় নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সচেতন নাগরিক বলেন, এসব চাল কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে বের করা প্রয়োজন। একই সঙ্গে সরকারি সহায়তার চাল সুবিধাভোগীরা কেন বিক্রি করে দিচ্ছেন, সেটিও খতিয়ে দেখা দরকার। প্রকৃত দরিদ্র ও অসহায়দের তালিকাভুক্ত করারও দাবি জানান তারা।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বলেন, “ফতেপুর গ্রামের দিক থেকে বস্তায় করে সরকারি চাল বোঝাই দুটি হ্যান্ডট্রলি মদন উপজেলা সদরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পরে রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি দুটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ১০০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “চাল, হ্যান্ডট্রলি দুটি ও দুই চালককে থানায় আনা হয়েছে। বর্তমানে চালের সঠিক পরিমাণ ও ওজন নির্ধারণ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।”
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, “সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

 

(নূর মোহাম্মদ জরিপ)