দলিলপত্রের নিরাপত্তা ঝুঁকিতে, বাউন্ডারি ওয়াল নেই মদন সাব-রেজিস্ট্রার অফিসে


hasan প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন /
দলিলপত্রের নিরাপত্তা ঝুঁকিতে, বাউন্ডারি ওয়াল নেই মদন সাব-রেজিস্ট্রার অফিসে

বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে নেত্রকোনার মদন উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র ও সরকারি সম্পদ। সীমানা প্রাচীর ও নির্দিষ্ট গেট না থাকায় অফিস চত্বরে অবাধে প্রবেশ করছে বহিরাগত ও গবাদিপশু। এতে কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকার জমি কেনাবেচার মূল দলিল, বালাম বইসহ গুরুত্বপূর্ণ নথিপত্র এ অফিসে সংরক্ষিত থাকে। অথচ দীর্ঘদিন ধরে অফিসটির চারপাশে কোনো বাউন্ডারি ওয়াল নেই। ফলে অফিসটি অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে। বিশেষ করে রাতের আঁধারে চুরি কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সীমানা প্রাচীর না থাকায় অফিস ছুটির পর বহিরাগত ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে। দিনের বেলাতেও অফিস প্রাঙ্গণে অবাধে গবাদিপশু বিচরণ করে। এতে অফিসের স্বাভাবিক পরিবেশ ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে অফিসের জায়গা দখলের আশঙ্কার কথাও জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ বলেন, “সাব-রেজিস্ট্রার অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস। এখানে গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংরক্ষিত থাকে। কিন্তু বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাছাড়া আশপাশের বাসার লোকজন অফিসের জায়গা দখলের পাঁয়তারা করছে। তাই দ্রুত সময়ের মধ্যে অফিসটির নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা প্রয়োজন।”

মদন উপজেলা সাব-রেজিস্ট্রার কায়েদে আজম সোহাগ বলেন, “উপজেলার গুরুত্বপূর্ণ অফিস এটি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এর আগে কয়েকবার গণপূর্ত বিভাগে আবেদন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের এখানে সব শ্রেণির মানুষের জমির মূল্যবান কাগজপত্র সংরক্ষিত রয়েছে। সবকিছু দেখা এবং নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। দ্রুত সময়ের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানাচ্ছি।”

নেত্রকোনা জেলা রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজ আহমেদ বলেন, “মদন সাব-রেজিস্ট্রার অফিসটি গুরুত্বপূর্ণ একটি সরকারি অফিস। বাউন্ডারি ওয়াল না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছে। বিষয়টি নিয়ে আপনারা নিউজ করুন। আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।”

নেত্রকোনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফারজান আনোয়ার বলেন, “সাব-রেজিস্ট্রার অফিসে সীমানা প্রাচীর না থাকা খুবই দুঃখজনক। এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যের ডিও লেটার নিয়ে আইন মন্ত্রণালয়ে আবেদন করা হলে দ্রুত সময়ের মধ্যেই সমস্যার সমাধান করা সম্ভব হবে।”

 

(নূর মোহাম্মদ জরিপ)