
গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বুধবার (২ সেপ্টেম্বর) নেত্রকোনার মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণকালে তিনি এসব কথা বলেন।
লুৎফুজ্জামান বাবর বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য গাছ রোপণ করুন। গাছ সুন্দর পরিবেশ ও ভবিষ্যৎ নিশ্চিত করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তাই সবাইকে গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নিতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের প্রতিটি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবে। শুধু চারা বিতরণ করলেই হবে না, সেই চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। আসুন, আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই এবং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।”
চারা বিতরণ শেষে শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। গাছের চারা পেয়ে তারা আনন্দ মিছিল করেন।
এ সময় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার জনাব নাদির হোসেন শামীম, জোবায়দা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব নাসরিন সুলতানা, ময়মংসিংহ বিভাগীয় আন্চলিক প্রধান পূবালী শাখার হুমায়ুন মিয়া উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক সাইমন আকন্দ লিমনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
এর পর লুৎফুজ্জামান বাবর মদন পৌরসভার সম্মেলন কক্ষে মোহনগঞ্জ ও মদন পৌরসভার প্রশাসক ও কর্মকর্তা কর্মচারিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।
এদিকে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমপির বিশেষ বরাদ্দের এডিপির অর্থায়নে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৬ হাজার ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে উপস্থিত জনসাধারণ ও শিক্ষার্থীরা আনন্দ মিছিল করেন।
(নূর মোহাম্মদ জরিপ)
আপনার মতামত লিখুন :