
নেত্রকোনার মদনে বরযাত্রীর ট্রলার থেকে নামার সময় জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে বোরকা প্যাঁচিয়ে গুরুতর আহত রিনা আক্তার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার দুর্ঘটনার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার মদন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়ার (৫৫) ছেলে বর সুজ্জামানের (৩০) সঙ্গে মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার মেয়ে মোছা. তামান্নার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে বর-কনেসহ বরযাত্রীরা ট্রলারে করে বাড়ি ফিরছিলেন।
ট্রলারটি মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলার ঘাটে পৌঁছালে যাত্রীরা তাড়াহুড়া করে নামার সময় রিনা আক্তারের বোরকা ট্রলারে থাকা ডিজেলচালিত জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে প্যাঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বর ও কনের উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, শুক্রবার জেনারেটরের সঙ্গে বোরকা প্যাঁচিয়ে এক নারী গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ট্রলার ও ডেকোরেশনের মালামাল জব্দ করেছে।
(নূর মোহাম্মদ জরিপ)
আপনার মতামত লিখুন :