
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক মোশারফ হোসেন চৌধুরী। তিনি গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমান চৌধুরীর কৃতি সন্তান।
মোশারফ হোসেন চৌধুরী সাবেক ছাত্রনেতা ও গোবিন্দশ্রী ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে তিনি গোবিন্দশ্রী ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি এলাকায় পরিচিতি লাভ করেছেন বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি গোবিন্দশ্রী ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন। তরুণ, শিক্ষিত ও উদীয়মান প্রার্থী হিসেবে তাকে নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আলোচনা চলছে।
চেয়ারম্যান পদপ্রার্থী মোশারফ হোসেন চৌধুরী বলেন, “আমি অনিয়ম করব না, আমার এলাকায় অনিয়ম করতে দেব না। কোনো অনিয়ম ও দুর্নীতি হলে আমি প্রতিবাদ করি। দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার আদায়, সুখে-দুঃখে এবং নানা সমস্যায় তাদের পাশে থাকার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “এবার আমি গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এবং ইউনিয়নবাসী সমর্থন করেন, তাহলে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচিত হলে নীতি ও সততার সঙ্গে গোবিন্দশ্রী ইউনিয়নবাসীর সেবা করে যাব।”
মোশারফ হোসেন চৌধুরী বলেন, “দল যদি আমাকে সমর্থন দেয়, তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব, ইনশাআল্লাহ। নির্বাচিত হলে গোবিন্দশ্রী ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।”
(নূর মোহাম্মদ জরিপ)
আপনার মতামত লিখুন :