সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়ামত উল্ল্যার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ।
নিয়ামত উল্ল্যা ১ সেপ্টেম্বর ২০২৬ গৌরীপুরের এসি ল্যান্ড হিসেবে যোগ দেন। এর আগে তিনি ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২১ সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি।
গতকাল রাত ১০টার দিকে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা জানান রোববার সকালে মোহাম্মদ নিয়ামত উল্ল্যাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। আদেশে সরকারি জনস্বার্থে বলা হয়েছে। প্রথম আদেশে তাঁকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার আদেশ হয়েছে বলে জেনেছি। গতকাল সন্ধ্যায় এসি ল্যান্ড কর্ম এলাকা ত্যাগ করেছেন।’
কী কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান ইউএনও। তাঁর ভাষ্য, বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জানা যাবে।
ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে নিয়ামত উল্ল্যার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। তাঁর ছাত্রজীবনের রাজনৈতিক সম্পৃক্ততা ও ছদ্মনামে ব্লগে লেখালেখি নিয়েও নানা দাবি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোহাম্মদ নিয়ামত উল্ল্যা ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে ২০২৪ সালের ১ মে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ২০২৬ সালের ১ জুন ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। সর্বশেষ ১ সেপ্টেম্বর গৌরীপুরের এসি ল্যান্ড হিসেবে দায়িত্ব নেন।
আপনার মতামত লিখুন :