
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের জনপ্রিয় নেতা আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান খান কায়সারকে মিথ্যা মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ মাসের সাজা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় ইউনিয়নের প্রাণকেন্দ্র বঙ্গবাজারে এই প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় এলাকাবাসী। সভায় কয়েক শতাধিক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উপস্থিত জনতা “আপনাকে আমরা আমাদের পাশে চাই” স্লোগানে কায়সার খানের প্রতি সমর্থন ব্যক্ত করেন।
জানা যায়, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কলসহাঁটি গ্রামের মৃত হাবিবুর হমান খানের ছেলে মোঃ মিজানুর রহমান খান কায়সার। ২০০৩ সাল থেকে ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করে সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন। সেই থেকে তিনি পরাজিত হয়েও জনগণের সাথে রয়েছেন। দীর্ঘ ২৩ বছর ধরেই জনগণের সুখে দুঃখে তাদের পাশে থেকেছেন। আসন্ন ইউপি নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে লড়বেন এমন প্রতঢাশা ব্যক্ত করেছেন। তিনি গুরুদয়াল কলেজ ছাত্রদল, জেলা যুবদল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মিথ্যা মামলার ভুক্তভোগী কায়সার খান বলেন, “ভ্রাম্যমাণ আদালতের রায়ে আমার মন ভেংগেছিল। আমি ভেবেছিলাম আমি একা হয়ে গেছি। কিন্তু ৬ সেপ্টেম্বর বঙ্গবাজারে আপনাদের চোখের পানি ও ভালোবাসা আমাকে আবার জাগিয়ে তুলেছে। ষড়যন্ত্রকারীরা ভেবেছিল মিথ্যা মামলা দিয়ে আমাকে থামিয়ে দেবে, কিন্তু জনগণের রায়ই শেষ কথা।”
তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান পদ নয়, এবার আপনাদের বিবেকের রায়ে আপনাদের সেবক হতে চাই। ১২ নং রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের প্রতিটি ঘর আমার ঘর, প্রতিটি মানুষ আমার পরিবার।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি কুচক্রী মহল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে তাকে হেয় করতে এই মিথ্যা মামলা সাজিয়েছে। তবে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ প্রমাণ করে কায়সার খান এখনো জনগণের হৃদয়ে রয়েছেন।
এলাকাবাসী অবিলম্বে প্রতিপক্ষের ষড়যন্ত্রে প্রশাসনের কতিপয় সদস্যদের সহযোগিতায় কায়সার খানের মর্যাদাহানি করতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মিথ্যা অভিযোগে ভ্রাম্যমান আদালতের সাজা প্রদানের মামলা প্রত্যাহার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
(মাঈন উদ্দিন সরকার রয়েল *কেন্দুয়া (নেত্রকোণা)
আপনার মতামত লিখুন :