
মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো আর নিঃস্ব মানুষের কষ্ট ভাগ করে নেওয়াই যেন তাঁর দীর্ঘদিনের পথচলা। অসুস্থ রোগী, এতিম, অসহায়-সম্বলহীন মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং মসজিদ-মাদ্রাসায় দান-অনুদানের জন্য সান্দিকোনা ইউনিয়নে দীর্ঘদিন ধরে সুনাম রয়েছে প্রবীণ বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিনের।
আগামীদিনে সান্দিকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এ লক্ষ্যে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন হেলাল উদ্দিন।
১৯৫৫ সালের ৭ জানুয়ারি সান্দিকোনা ইউনিয়নের পাইমাসকা গ্রামে জন্মগ্রহণ করেন হেলাল উদ্দিন। তাঁর পিতা মৃত আব্দুল গফুর ব্যাপারী এবং মাতা ময়না আক্তার। সান্দিকোনা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হন।
দীর্ঘ ব্যবসায়ী জীবনের পাশাপাশি স্থানীয় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। সাহিতপুর বাজার কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে টানা প্রায় ৩০ বছর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাজার কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য। দলের কঠিন সময়ে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে সান্দিকোনা ইউনিয়ন বিএনপির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি।
২০১১ সালে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন হেলাল উদ্দিন। হামলার পর দীর্ঘদিন শারীরিক ও আর্থিক কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করতে হলেও রাজনীতি ও মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়নি।
স্থানীয়দের মতে, হেলাল উদ্দিনের সবচেয়ে বড় পরিচয় তাঁর মানবিক কর্মকাণ্ড। অসহায় মানুষ, অসুস্থ রোগী, এতিম ও সহায়-সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মসজিদ-মাদ্রাসার বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছেন তিনি। সমাজের সাধারণ মানুষের সুখে যেমন পাশে থেকেছেন, তেমনি দুঃসময়ে তাদের কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন।
তাঁর অনুসারীদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ককে কাজে লাগিয়ে সান্দিকোনা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে পারবেন হেলাল উদ্দিন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে পদ-পদবির চেয়ে দলের প্রতি আনুগত্য ও নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টিকেই গুরুত্ব দিয়েছেন—এমনটাই মনে করেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মোঃ হেলাল উদ্দিন বলেন, “দীর্ঘদিন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জীবনের শেষ সময় পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সান্দিকোনা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে তাদের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় তিনি সান্দিকোনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :