
ময়মনসিংহের গৌরীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও আবির্ভাব তিথি পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির ও হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট গৌরীপুর শাখা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, গৌরীপুর এর উদ্যোগে সাংবাদিক কমল সরকার এর সভাপতিত্বে ও বিশ্বজিৎ ঘোষ বিপ্লব এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তবৃন্দের ব্যাপক উপস্থিতি ছিল। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও প্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এম ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। এ সময় তিনি শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ধর্মীয় মূল্যবোধের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তিনি আরো বলেন আমরা যে যাই ধর্ম করি না কেন প্রত্যেক ধর্মের মূল এবং সার কথা একই। তাই আমাদের মধ্যে যেন ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেদিকে সকলকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি নরোত্তম সংঘের কর্ণধার অভিরাম দাস অলক বলেন, ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা মানবজাতিকে সত্য, ন্যায়, শান্তি ও সম্প্রীতির পথে চলতে অনুপ্রাণিত করে। জন্মাষ্টমীর এই আয়োজন সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রথম সড়ক প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। উৎসবকে ঘিরে গৌরীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিল আনন্দ ও উৎসাহের আমেজ।
(সুপক রঞ্জন উকিল)
আপনার মতামত লিখুন :