খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, তিন মাদক কারবারি পলাতক


hasan প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন /
খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, তিন মাদক কারবারি পলাতক

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনায় আরও তিনজন মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খালিয়াজুরী থানার এসআই মো. তাইজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জগন্নাথপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় সোহাগ আজিমের পরিত্যক্ত টিনশেড ঘরের বারান্দায় কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা সম্ভব হয়। অন্য তিনজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার জগন্নাথপুর (পাথারিয়াপাড়া) সিরাজ আলীর ছেলে সিজার মিয়া (২২) পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার ৪০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিজার মিয়া জানান, পলাতক সাখাওয়াত সরকার প্রিন্স (৩০), সৈকত সরকার (২৮) ও অলি উল্লাহ (৩৩)-এর সহযোগিতায় তিনি ইয়াবা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।