মদনের হাওরের মাঝখানে নলকূপ স্থাপন, উপকৃত হবেন কৃষকরা


hasan প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ২:০৬ অপরাহ্ন / ০
মদনের হাওরের মাঝখানে নলকূপ স্থাপন, উপকৃত হবেন কৃষকরা

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ধুবাওয়ালা ও কৃষ্ণপুর গ্রামের মাঝখানে রবিবার দুপুরে হাওরের মধ্যে একটি নলকূপ স্থাপন করেছেন মাওলানা সাইফুল ইসলাম।এর আগেও তিনি ইউনিয়ন এর হাওরের মধ্য আরো তিনটি টিউবওয়েল স্হাপন করেন। হাওরে কৃষিকাজ করতে যাওয়া কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পানির কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হাওরাঞ্চলে কৃষিকাজের সময় পানির প্রয়োজন হলেও অনেক ক্ষেত্রে আশপাশে পানির ব্যবস্থা না থাকায় কৃষকদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে ধান রোপণ, পরিচর্যা ও ফসল কাটার মৌসুমে দীর্ঘ সময় হাওরে অবস্থান করতে হয় তাঁদের। এমন পরিস্থিতিতে হাওরের মাঝখানে নলকূপ স্থাপন স্থানীয় কৃষকদের জন্য স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মাওলানা সাইফুল ইসলামের বলেন, “হাওরে কাজ করতে এসে মানুষ যেন পানির অভাবে কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের উপকারে আসতে পারলে সেটাই আমার কাছে বড় পাওয়া। আমি চাই, হাওরে কৃষিকাজ করতে আসা কৃষকসহ সবাই যেন সহজে পানি পান করতে পারেন।”

স্থানীয় এক কৃষক বলেন, “হাওরে কাজ করতে এসে পানির জন্য অনেক কষ্ট করতে হয়। অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয়। এখন হাওরের মাঝখানে নলকূপ স্থাপন করায় আমাদের অনেক সুবিধা হবে। এ উদ্যোগের ফলে কৃষকসহ হাওরে যাতায়াতকারী মানুষ উপকৃত হবেন।”

 

(নূর মোহাম্মদ জরিপ)