গৌরীপুরে কুকুরের আক্রমণে জনমনে আতঙ্ক


hasan প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন /
গৌরীপুরে  কুকুরের আক্রমণে জনমনে আতঙ্ক
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পাগলা কুকুরের আক্রমণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে পৌর শহরের পাটবাজার মোড়ে দোকান খুলতে গিয়ে এক ব্যবসায়ী পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খোলার সময় হঠাৎ একটি উন্মত্ত কুকুর ওই ব্যক্তির ওপর আক্রমণ চালিয়ে তাকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত পাগলা কুকুরটি শনাক্ত করে আটক বা অপসারণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
এছাড়াও গৌরীপুর পৌরসভার বাসস্ট্যান্ড, সাবরেজিস্টার অফিস, বন বিভাগ, আর কে হাই স্কুল রোড, নয়াপাড়া, খেলার মাঠ, কলাবাগান, নিমতলী এলাকায় সকাল থেকে অন্তত আরো ৫/৬ জন লোককে কুকুর কামড়িয়েছে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কুকুরের কামড়ে আক্রান্ত হলে ক্ষতস্থান সঙ্গে সঙ্গে প্রবাহমান পানি ও সাবান দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা উচিত। কুকুর থেকে সাবধান।
(সুপক রঞ্জন উকিল)