
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের অনুমোদনে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রওশন ইজদানি একাডেমির চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
গত ১৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক আদেশে বোর্ড কর্তৃপক্ষ এ কমিটির অনুমোদন দেয়। এতে বোর্ড কর্তৃক মনোনীত সদস্য হিসেবে রাজিব তালুকদারকে সভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাধারণ শিক্ষক সদস্য মো. রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য মো.আশরাফুল হক এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এ অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিধিমালা অনুসরণ করে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
নবনিযুক্ত সভাপতি রাজিব তালুকদার বলেন, “মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করব। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে রওশন ইজদানি একাডেমিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে দায়িত্ব পালন করতে চাই।”
তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
(মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া)
আপনার মতামত লিখুন :