মৎস্য উন্নয়নে যা প্রয়োজন সব করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু


hasan প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন /
মৎস্য উন্নয়নে যা প্রয়োজন সব করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু

 

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৎস্য খাতের উন্নয়নে জেলেদের কল্যাণে যা যা প্রয়োজন, সরকার তা বাস্তবায়ন করবে। মৎস্যের জন্য যে কাজগুলো করলে মানুষের উপকার হবে, সেসব কাজই করা হবে। রাস্তা-ঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোও উন্নয়ন করা হবে।

শুক্রবার নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর খেলার মাঠে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “এই এলাকার মা-মাটি ও মানুষের নেতা লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ ১৭ বছর তিনি নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন। তাঁর সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে।”
মাদক প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে কোনো মাদকের ফ্যাক্টরি নেই। আশপাশের দেশগুলো আমাদের দেশে মাদক প্রবেশ করিয়ে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, “চার মাস মাছ ধরা থেকে বিরত থাকলে মাছের উৎপাদন বাড়বে এবং এ এলাকার মানুষের অভাব-অনটন অনেকটাই দূর হবে।”

তিনি আরও বলেন, “আমি যতবার কারাগারে গেছি, ততবারই আমাদের প্রিয় বড় ভাই লুৎফুজ্জামান বাবর ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন। আমার পূর্বপুরুষেরাও এই এলাকার বাসিন্দা। এ এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন, আমি তা বাস্তবায়নে কাজ করব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। এছাড়া উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

 

(নূর মোহাম্মদ জরিপ)