
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নেত্রকোনার মদন উপজেলায় কর্মরত উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার এবং ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করার দাবি জানান।
রিপোর্টার্স ক্লাবের দৈনিক দিনকালের প্রতিনিধি সাধারণ সম্পাদক মো. সাকের খানের সঞ্চালনায় এবং মানব জমিনের প্রতিনিধি ও সভাপতি নূরুল হক রনুর সভাপতিত্বে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশের প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি আলী আজগর পনির, অর্থ সম্পাদক ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি নূর মুহাম্মদ জরিপ এবং সম্মানিত সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী প্রমুখ।
সভাপতির বক্তব্যে নূরুল হক রনু বলেন, “আমরা জানতে পেরেছি, নিহত সাংবাদিক তাঁকে গুলি করে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কার কথা আগেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে অপূর্ব নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেফতার এবং ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে।”
বক্তারা সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে।
(নূর মোহাম্মদ জরিপ)
আপনার মতামত লিখুন :