মদনে কিশোরীর আত্মহত্যা, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


hasan প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন / ০
মদনে কিশোরীর আত্মহত্যা, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনার মদন উপজেলায় শোভা আক্তার (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই গ্রামের হাসান (২০) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় নিজ বাড়ি থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শোভা আক্তার ওই এলাকার আব্দুল খালেকের মেয়ে। অভিযুক্ত হাসান একই গ্রামের আলীম উদ্দিনের ছেলে।

পরিবারের অভিযোগ, হাসানের সঙ্গে শোভার প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গত রোববার (১১ অক্টোবর) তাকে পাশের কেন্দুয়া উপজেলার তাম্বুলিপাড়ার একটি মিনি পার্কে ঘুরতে নিয়ে যায় হাসান। সেখানে শোভাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, ঘটনার পর শোভা হাসানকে বিয়ের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। এ সময় তাকে গালমন্দ করার পাশাপাশি ২০ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ রয়েছে।

নিহত শোভার বাবা আব্দুল খালেক জানান, সোমবার রাতে তার মেয়ে তাকে বিষয়টি জানায়। মঙ্গলবার সকালে তিনি বিষয়টি নিয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে কথা বলতে বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে ফিরে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।

আব্দুল খালেক বলেন, ‘আমার মেয়েকে ভুল বুঝিয়ে ঘুরতে নিয়ে যায় হাসান। সেখানে তার সঙ্গে অন্যায় করা হয়েছে বলে মেয়ে আমাকে জানিয়েছিল। ঘটনার কিছু তথ্য-প্রমাণও তার কাছে ছিল। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

অভিযুক্ত হাসানের মা হাছনা আক্তার বলেন, ‘আমার ছেলে এমন ঘটনা ঘটিয়েছে, তা আজ জানতে পেরেছি। আমি বিষয়টি জানলে তাকে বিয়ে করাতাম।’ তবে অভিযুক্ত হাসান কোথায় রয়েছে, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 

(নূর মোহাম্মদ জরিপ)