
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ‘Strengthening VBD – Connecting the Dots’ শীর্ষক ওরিয়েন্টেশন ও সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণে নেত্রকোণা জেলার ১০টি উপজেলার তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন। মূলত নতুন ও বিদ্যমান স্বেচ্ছাসেবকদের মাঝে জাগো ফাউন্ডেশন (JAAGO Foundation) এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD)-এর মূল লক্ষ্য, উদ্দেশ্য, সাংগঠনিক কাঠামো ও বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদানের উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দিনব্যাপী এই আয়োজনে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও কর্তব্য, নেতৃত্ব বিকাশ, কার্যকর দলগত কাজ (টিম ওয়ার্ক), যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিটি-ভিত্তিক সামাজিক উদ্যোগ বাস্তবায়নের নানা কৌশল নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন VBD ময়মনসিংহ বিভাগের ভাইস প্রেসিডেন্ট (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) লুৎফর রহমান এবং কমিউনিকেশন সেক্রেটারি সারোয়ার হোসেন। এছাড়াও VBD নেত্রকোণা জেলা বোর্ডের সদস্যরা উপস্থিত থেকে তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও সাংগঠনিক দিকনির্দেশনা তরুণ স্বেচ্ছাসেবকদের সাথে ভাগাভাগি করেন।
প্রশিক্ষণের সমাপনী পর্বে অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবকদের সমাজসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শপথ পাঠ করানো হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম নতুন স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়কে আরও জোরদার করবে। সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনতে এবং ভবিষ্যতেও মানবিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ভিবিডি নেত্রকোণা জেলা শাখা এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
আপনার মতামত লিখুন :