
কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্রিকেট দলের মাঝে খেলার প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব জুবায়ের আহমেদ হিলালী (ইমন) এবং উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী।
এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। তারা আরও জানান, কেন্দুয়ার খেলাধুলার হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
(মাঈন উদ্দিন সরকার রয়েল)
আপনার মতামত লিখুন :